নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশনের উদ্যোগে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বনরূপা এক রেস্টুরেন্টে শোক দিবসের আলোচনা আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি কুঞ্জ বিহারী চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রীতিকেশ দেওয়ান। সংগঠনের সহ-সভাপতি রতন কুমার দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সত্যজিৎ চাকমা, দিপালী চাকমা, কর্ণরাজ খীসা, রিন্টু চাকমা, সুদীপ দেওয়ানজী, সুলাল খীসা ও রূপন কান্তি চৌধুরী।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ পৃথিবীর বুকে স্থান পেতো না। এদেশের মানুষের অধিকারের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। সাধারণ মানুষের মুক্তির জন্য তিনি দিনের পর দিন কারাগারে বন্দী ছিলেন। বক্তারা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের যেসব খুুনিকে এখনো দেশে আনা সম্ভব হয়নি, তাদেরকে অতিদ্রুত দেশে এনে মৃত্যুদন্ড কার্যকর করার আহ্বান জানান।
