বান্দরবানের দুর্গম রুমা উপজেলার ভূপৃষ্ঠ থেকে ২৪০০ ফুট উপরে বগালেক পর্যটন কেন্দ্রকে দৃষ্টিনন্দন করার লক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন। বৃহস্পতিবার সকালে বান্দরবানের দুর্গম রুমা উপজেলা বগালেকে পর্যটনের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে যাত্রীছাউনি, সিটিং চেয়ারসহ বিভিন্ন স্থাপনার কাজের উদ্বোধন করেন ।
পরে বিকালে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং’র ৩,২৩৫ ফুট উপরে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে যাত্রীছাউনি, বসার বেঞ্চ, বিশ্রামাগারসহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম, রুমা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জিং এংময় বম, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আলীনূর খান, বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলেক হোসেন জুয়েলসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।
বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন জানান, বান্দরবান পর্যটকদের জন্য আরো সেবা প্রদান করার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সম্প্রসারণ করা হবে। এসময় তিনি পর্যটকদের জন্য বগালেকে নৌকা ও লাইফ জ্যাকেট প্রদানের আশ্বাস প্রদান করেন।