রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ’র পিআরএল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়–য়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর গোলাম কাদের চৌধুরী, রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খন্দকার, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আবুল হাশেম, হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক সুসেন কুমার বড়–য়া, মিসেস জাফর আহমদ প্রমূখ।
বিদায় সংবর্ধনায় কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. পার্থ প্রতীম ধর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফেরদৌস কবির, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মো: মফিজুল হক, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়–য়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মহি উদ্দিন, পর্দাথ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মনজু মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল মন্নান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শান্তনু চাকমা, ইতিহাস বিভাগের প্রভাষক সুজন চক্রবর্তী, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান সহকারী অমলেন্দু চাকমা সহ আরো অনেকে। সংবর্ধিত অতিথি অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ’র সংক্ষিপ্ত জীবনালেখ্য তথ্যচিত্র প্রদর্শনী উপস্থাপন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আতিকুর রহমান।
বিদায় সংবর্ধনায় অতিথিদের বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ’র জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রফেসর জাফর আহমদ রাঙামাটি সরকারি কলেজে কর্মরত জীবনের নানান বিষয়ে এবং অত্র কলেজের বিভিন্ন কাঠামোগত উন্নয়নগুলোও তুলে ধরা হয় সংবর্ধনা অনুষ্ঠানে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ বলেন, ‘আমার যেখানে উদয় সেখানে অস্ত। আমার জীবনের কর্ম জীবন শুরু করেছিলাম এই রাঙামাটি থেকে আবার এখন কর্ম জীবন শেষ করছি এই রাঙামাটি থেকে। রাঙামাটির এই রাঙা আলো আমাকে মুগ্ধ করেছে। জীবনে প্রায় প্রিয় মুহূর্তগুলো এখানে কাটানো হয়েছে আমার।
তিনি আরো বলেন, আমি যতটুকু পেরেছি কলেজের উন্নয়নের জন্যে কাজ করে গিয়েছি। আশা করবো বাকি কাজটুকু পরে যে অধ্যক্ষ আসবেন তিনি সম্পন্ন করবেন। এসময় সহকর্মীদেরকে অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ বিদায় বেলায় নানান পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়–য়া বলেন, জাফর আহমদ তাঁর কলেজের অধ্যক্ষ বলে শুধুই স্যার নয় বরং ভাইও ছিলেন। রাঙামাটি কলেজে কর্মরত সময়টুকু বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে কাজ করে গিয়েছেন প্রফেসর জাফর আহমদ। তাঁর অবসর জীবনে সুস্থতার সাথে জীবনযাপন ও বাকি জীবনের সার্বিক উন্নতি কামনা করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদকে কলেজের বিভিন্ন বিভাগ, কর্মচারী ও ব্যক্তিগত পক্ষ থেকে পুষ্পস্তবক, উপহার ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
