নিজস্ব প্রতিবেদক
‘কবিতায় প্রেম, বিদ্রোহ আর বেদনার বহিঃপ্রকাশ ঘটে। কবিতার ছন্দে লেখা হয় জীবনের অব্যক্ত কথামালা। ছন্দহীন জীবনে কবিতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। বিরহ আর আনন্দ আবেগের ছন্দ শুধু প্রেমিক-প্রেমিকার জন্যই নয়; নিজের স্বজন ও আত্মজদের ঘিরেও হয়ে থাকে। ফজলে এলাহীর কবিতায় তা’ই ফুটে উঠেছে’- বলে মন্তব্য করেছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা।
শনিবার হেমন্তের পড়ন্ত বিকেলে প্রাণবন্ত এক আড্ডা-আলোচনায় মোড়ক উন্মোচন করা হয় কবি ফজলে এলাহীর পঞ্চম কাব্যগ্রন্থ ‘ভালবাসায় ভেজা এক শহরে’। শহরের বনরূপাস্থ কাজী ফার্মস কিচেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, এক সময় মানুষ সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারতো না। তখন কবিতার ছন্দেই প্রতিবাদ জানাতো তারা। কবিরা ছন্দের তালে যেমন প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়; তেমনি আন্দোলনেরও ঢেউ তুলে কবিতার ছন্দে। প্রেম, বিরহ আর বিদ্রোহের বহিঃপ্রকাশও ঘটে কবিতার কথামালায়।
আলোচনায় অংশ নেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, লেখক জগৎ জ্যোতি চাকমা, কবি হাসান মঞ্জু, রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষ ।
দৈনিক পার্বত্য চট্টগ্রামের নগর সম্পাদক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বার্তা সম্পাদক শংকর হোড়। কবিতা পাঠ করেন শিক্ষক লিটন দেব, উদ্যোক্তা মনি পাহাড়ি, উন্নয়ন কর্মী নুকু চাকমা, সাংবাদিক ও কবি সাইফুল বিন হাসান, আবৃত্তিশিল্পী তুষার ধর ও চৈতি ঘোষ। উপস্থিত ছিলেন সাহিত্যকর্মী খোকন কুমার দে, ওমর ফারুক সুজন, ছাত্রনেতা সালাউদ্দিন টিপু, আল মাহমুদ, রনি হোসেন, শুভ সংঘের কেন্দ্রীয় নেতা অসীম দাশগুপ্ত, শুভসংঘের রাঙামাটি জেলা সভাপতি মং চিং মারমা,সাধারন সম্পাদক প্রিয়ম আইচ,সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, পাহাড়টীমের সদস্য সংবাদকর্মী শুভ্র মিশু, প্রান্ত রনি,মিশু মল্লিক, ক্রীড়া সংগঠক নাছিরউদ্দিন সোহেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা শেষে মোড়ক উন্মোচন উপলক্ষে কেক কাটা হয়। কবি ফজলে এলাহী’র অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- আমি ভাল আছি; তুমি ভালতো, শুনতে পাচ্ছো পাঁজর ভাঙ্গার শব্দ, যে শহরে তুমি নেই, শরীরে তোমার ঈশ^রীয় ঘ্রাণ। এটি তার পঞ্চম কাব্যগ্রন্থ ‘ভালোবাসায় ভেজা এক শহরে’।
