পাহাড়ের প্রধান দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন দৈনিক পাহাড়টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুইজন সাংবাদিক নেতা। তাঁরা হলেন- পানছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি ও যুগ্ন সাধারণ সম্পাদক এমএইচ ইলিয়াছ।
সংবাদ প্রকাশের জের ধরে মামলার দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে পানছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি বলেন, ‘তিন পার্বত্য জেলার সাহসী কলম সৈনিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। তাঁর ও পরিবারের প্রতি নিরাপত্তা নিয়ে পানছড়ি প্রেসক্লাব উদ্বেগ প্রকাশ করছে।’
সাংবাদিক কখনো প্রমান ছাড়া কিছুই লেখে না উল্লেখ করে পানছড়ি প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এমএইচ ইলিয়াছ বলেন, ‘পাহাড়টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। অভিজ্ঞতা থেকে বলা যায় সঠিক ও সত্য সংবাদ প্রকাশের পর সংক্ষুব্ধ ব্যক্তি সাংবাদিকের কণ্ঠরোধের চেষ্টায়, মামলা, হামলাসহ নানা প্রকার হয়রানি করে থাকে। এটি তারই অংশ। এ ধরনের মামলা দায়ের অত্যন্ত উদ্বেগজনক।’
