খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে এক প্রতিবন্ধি ব্যক্তিকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলার পানছড়ি উপজেলার দুর্গম কুঞ্জরাম পাড়া এলাকার প্রতিবন্ধি প্রিয় রঞ্জন চাকমাকে ঘরের চাবি তুলে দেন জোন অধিনায়ক লে.কর্নেল জাহিদুল ইসলাম। এ সময় এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারিসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ঘর উদ্বোধনকালে জোন অধিনায়ক বলেন, পাহাড়ে সেনাবাহিনী কোন ধর্ম-বর্ণ, গোষ্ঠীর পক্ষে কাজ করে না। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি বসবাসরত সকল সম্প্রদায়ের জন্যই কাজ করে যাচ্ছে। সকলকে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থেকে সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তা করার আহবান জানান তিনি। একইসাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহবানও জানিয়েছেন জোন অধিনায়ক।
পরে এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং অসচ্ছল আরোও তিন পরিবারকে ঘর নির্মাণসহ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত ও সোলার সিস্টেম ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন তিনি। এর আগে ফিতা কেটে তিন কক্ষ বিশিষ্ট ঘরের উদ্বোধন করে ঘুরে দেখেন।
সদর জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক জানান, মানবিক দিক বিবেচনা করে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে প্রতিবন্ধি ব্যক্তিকে দুই লক্ষ টাকা ব্যয়ে টিন শেড ঘরটি নির্মাণ করে দেয়া হয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপকারভোগী প্রতিবন্ধি প্রিয় রঞ্জন চাকমাসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন।
