সাইফুল বিন হাসান ॥
রাঙামাটি পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় আত্মকর্মসংস্থান গড়ে তুলার লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে রান্না সরঞ্জাম এবং চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে বনরূপাস্থ একটি কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ পৌর পরিষদের অন্যান্য কাউন্সিলনবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তারা।
বিতরণকালে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, নির্বাচনকালে আমার যে প্রতিশ্রুতি ছিলো তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। সে আলোকে রাঙামাটি হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং সামাজিক নানান অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে সামাজিক সংগঠনগুলোকে পৌরসভার পক্ষ থেকে রান্নার সরঞ্জাম ও চেয়ার বিতরণ করছি। আগামীতে এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।
পৌর মেয়র আরও বলেন, যারা আমাকে নির্বাচিত করেছে তাদের পাশে আমি সব সময় ছিলাম, আছি এবং থাকবো। এ শহরকে আরো দৃষ্টিনন্দন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আমার চেষ্টা চলমান আছে।
এসময় একশত জন নারীর মাঝে সেলাই মেশিন ও ১৩ টি সামাজিক সংগঠনের মাঝে রান্নার সরঞ্জাম ও চেয়ার বিতরণ করা হয়।
