কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের দুর্গম ডংনালা মারমা পাড়া ও পূর্ব কোদালায় বুধবার বেলা ১২টায় এবং ২টায় স্থানীয় মহিলাদের নিয়ে জেন্ডার, নারী নির্যাতন প্রতিরোধ, নারী স্বাস্থ্য বিষয়ক দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব কোদালায় অনুষ্ঠিত উঠান বৈঠক আয়োজন করেন চন্দ্রঘোনা মিশন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাাম এবং ডংনালায় অনুষ্ঠিত উঠান বৈঠক আয়োজন করেন কাপ্তাই তথ্য সেবা কেন্দ্র।
অনুষ্ঠিত দুইটি উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এইসময় তিনি বলেন, মেয়েরা যত বেশি শিক্ষিত হবে, দেশ ততই এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজ দেশের প্রতিটি সেক্টরে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।
