বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে আলোচিত ইউপি সদস্য সমর বিকাশ চাকমা হত্যা মামলার আসামি রূপায়ন চাকমাকে গ্রেপ্তারের ঘটনায় বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রসীত বিকাশ নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি রূপায়ন চাকমা সাজেক এলাকার রামুছড়া গ্রামের স্থানীয় বাসিন্দা। তার পিতার নাম চন্দ্রজয় চাকমা। রূপায়ন চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সাজেক ইউনিয়নের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং রূপায়ন চাকমা ইউপিডিএফের মূল গ্রুপের সদস্য।
গত ২৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে রূপকারী ইউপি সদস্য সমর বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যামামলার অজ্ঞাতনামা ও সন্দেহভাজন আসামি হিসেবে রূপায়ন চাকমাকে সাজেকের মাচালং বাজার এলাকা থেকে মঙ্গলবার সকাল ১১টায় গ্রেপ্তার করা হয়।
রূপায়ন চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাজেক ইউপি শাখার সাধারণ সম্পাদক এল্টু চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কালোবরণ চাকমা স্বাক্ষরিত ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবরোধের ডাক দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় সড়ক ও নৌপথ অবরোধ করে ১৬ জুন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধা বেলা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এদিকে অবরোধ কর্মসূচি পালনকালে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ কিঃ মিঃ নামক স্থানে বুধবার দুপুরে ঔষুধ কোম্পানিতে কর্মরত দুই চাকরিজীবী বিনয় চাকমা (২৮)ও পাবেল চাকমা, বাঘাইছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে ইউপিডিএফ (মুল) এর পিসিপি ছেলেরা গাড়ির গতিরোধ করে লাঠি দিয়ে গাড়িতে আঘাত করে, এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়, তৈলের টাংকি বাঁকা হয় এবং পিছনের লাইট ভেঙ্গে যায়। পরে গাড়ির মালিক বিনয় চাকমা ঐ অবস্থায় গাড়ি চালিয়ে দুইটিলা আর্মি ক্যাম্পে যায় এবং ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে গাড়ি নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা করেন।
