নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই- নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের এমন বক্তব্য ব্যক্তিগত ও অসত্য বলে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘সারা দেশে নির্বাচন উপলক্ষে প্রচারণা হচ্ছে, মিছিল হচ্ছে-মাইকিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে। এখানে আর কী আছে নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং ফিল্ড হতে? নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। ছোট-খাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা তেমন বড় কিছু নয়। সেগুলো আবার তারাই সমাধান করছেন।’
মঙ্গলবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা জানান।
নূরুল হুদা বলেন, পাহাড়ে নির্বাচনে বিষয়ে কমিশন প্রত্যেকটা কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সমতলের ন্যায় পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে মতবিনিময় সভার শুরু স্বাগত বক্তব্যে সিইসি বলেছেন, তিন পার্বত্য এলাকার অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের সহযোগীতার লক্ষে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগেও আমরা রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের উপ-নির্বাচন করেছি। সকলের সহযোগীতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি এখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। এই নির্বাচনও সুষ্ঠু করার লক্ষে আমরা এখানে মিলিত হয়েছি। তিন পার্বত্য জেলার মানুষ ভিন্ন, তারা শান্তিপূর্ণ মনোভাবের। এই তিন জেলায় মোট ১১ লক্ষ ভোটার রয়েছে। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।
সভায় আরও উপস্থিত আছেন- নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুক, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা, রিজিয়ন কমান্ডারসহ বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।
