রাঙামাটিতে পাবলিক হেলথ্ ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহরের পাবলিক হেলথ্ এলাকায় ১৬০ পরিবারের মাঝে এই সবজি বিতরণ করা হয়।
পাবলিক হেলথ্ ক্রিকেটার্স এসোসিয়েশনের মো. বেলাল হোসেন (রুবেল), মো. ইমরান, মো. রানা, রায়হান উদ্দিন, মো. নাইম আলী, মুন্না ইসলামসহ সংগঠনের সকলে এসময় উপস্থিত ছিলেন।
বিনামূল্যে সবজি নিতে আসা মোছাঃ রাবেয়া খাতুন বলেন, স্বামী তো দিনমজুর। এখন তো ওনার কোন কাজকর্ম নাই। স্বামী প্রতিদিন ঘর থেকে বেরও হতে পারেনা রাস্তায় রাস্তায় পুলিশ। আগের মতো কোন কাজও নাই এখন। ৩ ছেলে মেয়ে নিয়ে এভাবে আর কতদিন থাকা যায়। এলাকার ছেলেরা বিনামূল্যে সবজি দিচ্ছে শুনে আসছি।
বিনামূল্যে সবজি পেয়ে আনন্দ প্রকাশ করে মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় ১ মাস কোন কাজ কর্ম নাই। যা জমানো ছিল বসে বসে খেয়ে তাও শেষ। এভাবে চলতে থাকলে কিভাবে বাচঁবো জানিনা। সরকারের পক্ষ হতে ত্রাণের চাল পাইছি কিন্তু চালের সাথে ভাত খাইতে তরকারি তো লাগে। তিনি আরো বলেন, এলাকার ছেলেরা এলাকার গরীব মানুষকে ফ্রি সবজি দিচ্ছে শুনে আমিও নিলাম। এভাবে সবাই যদি আমাদের পাশে দাড়ায় তাহলে কষ্টটা কিছুটা কমে।
পাবলিক হেলথ্ ক্রিকেটার্স এসোসিয়েশনের মো. বেলাল হোসেন (রুবেল) বলেন, করোনা ভাইরাসের ফলে এলাকায় খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এবার কেউ কেউ কাজের খোজে বেরও হচ্ছে এবং তিনিসহ পুরো এলাকা ঝুঁকিপূর্ন হতে পারে। সেই চিন্তা থেকে সংগঠনের কিছু অর্থ জমানো ছিল সেগুলো দিয়ে এলাকার মানুষের পাশে দাড়নোর চেষ্টা থেকে বিনামূল্যে সবজি করা হয়েছে। পরিবারের সদস্য অনুযায়ী সবজি দেওয়া হয়েছে।
