খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে গঠিত একটি সংগঠন ‘অল নাইচ গ্রুপ’ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমকে বিদায় সংবর্ধনা দিয়েছে। রোববার বেলা সাড়ে ৫টায় বিদায়ী নির্বাহী কর্মকর্তার হাতে গড়া উপজেলার একমাত্র বিনোদন পার্ক ‘মায়াকানন’-এ এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এই সময় অন্যান্যদের মাঝে ছিলেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রেসক্লাব সভাপতি নূতন ধন চাকমা, খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদের ব্যক্তিগত সহকারী খগেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল হাশেম পানছড়িতে যোগদানের পর থেকেই তাঁর বাস্তবায়িত উদ্ভাবনী কাজগুলো পানছড়িসহ সারা জেলায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর আন্তরিক প্রচেষ্টার কারনে পানছড়িতে প্রথম শিক্ষা বিষয়ক অলিম্পিয়াড, ভালো রেজাল্ট’র লক্ষ্যে পাবলিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, উপজেলাবাসীর সুস্থ বিনোদনের জন্য ‘মায়াবিনী’ ও ‘মায়াকানন’ নামে দুটি পর্যটন পার্ক স্থাপন, উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনসাধারণের জন্য বিশ্রামগার, খেলাধুলায় পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর আন্তরিকতারই বহিঃপ্রকাশ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম ছুটে চলা তাঁকে পানছড়িবাসীর অন্তরে স্থান করে দেয় ভালোবাসার মানুষ হিসেবে।
বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে রয়েছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারি কলেজ, চেঙ্গী সারিবালা মহাবিদ্যালয়। বিদায় অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগময় পরিবেশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইনএনও’র বিদায় নিয়ে অনেকে স্ট্যাটাস দিয়েছেন।
বিদায়ী ইউএনও বলেন, ‘সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বদলি স্বাভাবিক প্রক্রিয়া। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে পানছড়িতে কাজ করেছি। চেষ্টা করেছি নিজের সাধ্যের মধ্যে কিছু করতে। নতুনস্থানেও কাজ করবো। তবে পানছড়িবাসীর ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবো না।’
পানছড়ি প্রেসক্লাব সভাপতি নূতন ধন চাকমা বলেন, ‘ইউএনও মহোদয় একজন জনবান্ধব ইউএনও ছিলেন। তিনি এই উপজেলার সকল স্তরের মানুষের সাথে মিশে গিয়েছিলেন। তাঁর কাজকে স্মরণ করবেন চিরদিন।’
