পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সত্যধন পাড়া নিবাসী পূর্ণ সাধন চাকমার দুই মেয়ে পরসা চাকমা (১২), ছেলে পিবির চাকমা (২) এবং একই এলাকার সুমন (সুপন) চাকমার মেয়ে জুরজুরি চাকমা (১২)। কলেজ গেইট এলাকার বৌদ্ধ বিহারের পিছনে চেঙ্গী নদীতে শুক্রবার দুপুরের দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে এই ঘটনা পরবর্তী পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান নিয়ে রোগীর আত্মীয়স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন, ছেলেমেয়েদেরকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাননি। হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনায় পুরো উপজেলাবাসী শোকে বিহ্বল।
খবর পেয়ে স্থানীয় লোকজন শিশু তিনটিকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।
শিশুদের নিয়ে যে কয়জন হাসপাতালে যান তাদের একজন স্থানীয় শুভাকাক্সক্ষী কায়েস চাকমা জানান, জন্ম-মৃত্যু সবার আছে। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও যারা দায়িত্বে থাকেন তাদের কাছে আরো বেশি আন্তরিকতা কামনা করি। আমাদের হাসপাতালের চিকিৎসা সেবার মান ভালো নয়। তাৎক্ষণিক সেবা পাওয়া যায় এমন জরুরি বিভাগীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা দরকার।
