ইয়াছিন রানা সোহেল ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পর্যটন শিল্প নির্ভর অর্থনীতির উন্নয়ন এবং পর্যটক আকৃষ্ট করার পূর্বশর্ত হচ্ছে সকল অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা। সমন্বিত পর্যটন পরিকল্পনা প্রণয়ণের পর উক্ত পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর পরিকল্পনা মোতাবেক পর্যটন সহায়ক অবকাঠামো রাস্তা, হোটেল-মোটেল, রিসোর্ট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদির উন্নয়ন করতে গেলেই আঞ্চলিক সশস্ত্র দলগুলো প্রতিনিয়ত বাধা প্রদান করে আসছে। তাই এসব চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও উন্নয়ন কাজে বাধাদানকারীদের ধরতে আইনÑশৃঙ্খলা বাহিনীর অভিযান আরো বেশি তীব্র ও ব্যাপকতা বাড়ানো গেলে এখানে উপযুক্ত সকল প্রস্তাবনাসমূহের বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরা যাবে। আর সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
শনিবার রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে ‘পার্বত্য জেলার শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ, সম্ভাবনা, সম্প্রসারণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, আবাসিক হোটেল সুফিয়া’র সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিমসহ কাঠ ব্যবসায়ী মালিক সমিতি, আসবাবপত্র মালিক সমিতি, সিএনজি মালিক সমিতিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ে শিল্প, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড আগে বন্ধ করতে হবে। ব্যবসা ও পর্যটন বান্ধব শিল্প গড়ে তুলতে হলে এসব চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা দরকার। এসব কার্যক্রম বন্ধ করতে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান আরো বেশি তীব্র ও ব্যাপকতা বাড়ানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। এরই প্রেক্ষিতে এখন মোটামুটি চাঁদাবাজির হারটা কিছুটা অনেকটা কমেছে, তবে পুরোপুরি কমে নাই। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সাথে সাথে এসব চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে সকলকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
এসময় বক্তারা রাঙামাটি পার্বত্য জেলার শিল্প, ব্যবসার পরিবেশ ও পর্যটন শিল্প সম্ভাবনাকে সম্প্রসারণে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
