খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সাধারণ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনামাফিক উন্নয়নের পথে এগুচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। তাই শহর ছেড়ে প্রত্যন্ত এলাকায় প্রয়োজনটুকু জানার চেষ্টা করা হচ্ছে। রবিবার সকালে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে উন্নয়ন ভাবনা নিয়ে আলাপকালে এসব কথা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পাহাড়ের প্রত্যন্ত এলাকায় পানির সমস্যাকে প্রাধান্য দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণের বিষয় তুলে ধরে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে বাতাস থেকে সুপেয় পানি উৎপাদন মেশিন পরিষদে সংযোজন করা হয়েছে৷ এটি ব্যবহার করে অল্প খরচে সুপেয় পানি উৎপাদন করা যাবে।
প্রথম পর্যায়ে ২৫লিটার ধারণ সম্পন্ন ৫টি মেশিন আনা হবে। পরীক্ষামুলক ব্যবহারে সফলতা আসলে বড় পরিসরে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষ পানির অভাব দূর করতে প্রকল্প গ্রহণ করা হবে। এই মেশিনের ব্যবহার দেশে প্রথম বলেও জানান তিনি।
জেলায় কারিগরিতে দক্ষ জনবল তৈরি, কৃষিতে মসলা চাষ বৃদ্ধি, সমৃদ্ধ পর্যটন, গুণগত শিক্ষার মানের দিকে পরিষদের নজর রয়েছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
