লংগদু প্রতিনিধি ॥
দেশের সবচেয়ে বড় সেতু ‘পদ্মা সেতু’ উদ্বোধনের দিনে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ লংগদু উপজেলা শাখা। শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিলে অংশ নেয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধন করার অনুষ্ঠান টিভিতে উপভোগ করেন নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল আলী, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, ছাত্রলীগের সভাপতি আল মামুন খান।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জন্য আজ এক গৌরবোজ্জল আনন্দের দিন। দক্ষিন অঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ সারা দেশের এক অভূতপূর্ব যোগাযোগের দ্বার উন্মোচন হলো। মাননীয় প্রধানমন্ত্রীর অসীম সাহসিকতায় স্বপ্নের সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজ পদ্মা সেতু বাস্তবে রুপ নিয়েছে।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করাই আওয়ামীলীগের রাজনৈতিক উদ্দেশ্য। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আজ তারই যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নাই। ডিজিটাল উন্নত বাংলাদেশ গড়তে হলে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান করেন বক্তারা।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আছমা বেগম, মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র দাশ, সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রকি চাকমা।
