ফেনী জেলার সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে লক্ষ্মীছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে লক্ষ্মীছড়ি মডেল সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজিত ব্যানারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ, সাংবাদিক ও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
বাংলাদেশ সরকারের বিচার ব্যবস্থার কঠোরতা না থাকায় দিনে দিনে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন করতে সরকারের কঠোর অবস্থানের দাবিও জানানো হয়।
এসময় লক্ষ্মীছড়ি মডেল সরকরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেকান্দার আলী, মো. মিয়াজী ও হরিলাল চাকমা উপস্থিত ছিলেন।
