সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রামগড়বাসী ও সচেতন শিক্ষার্থীবৃন্দ। সোমবার বেলা ১১টায় রামগড় বাজার পুলিশ বক্সের সামনে মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, নুসরাত হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করতে হবে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। পাশাপাশি যারা অপরাধীদের পক্ষ নিয়ে বিচার বিঘিœত করছে, তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে সাইফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, রামগড় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো শামসুদ্দিন মিলন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কাউছার হাবিব শোভন, সাংবাদিক নিজাম উদ্দিন, মাদ্রাসা ছাত্রী নাজমা আক্তার, কলেজ ছাত্র মিনহাজুর রহমান প্রমুখ।
