আরমান খান, লংগদু ॥
নির্বাচনের রাজনীতিতে সবাই যখন পেশিশক্তি ও অর্থবিত্তের বেড়াজালে বন্দী, ঠিক এমন পরিবেশের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করছেন এক শারীরিক প্রতিবন্ধী মেম্বার প্রার্থী। ইউনুস মিয়া নামের এই প্রার্থী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় একটি বাজারে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিবন্ধী ইউনুস মিয়া। এ সময় তার কর্মী সমর্থকরা ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। ইউনুস মিয়ার কর্মী কৃষক আবুল হোসেন বলেন, ইউনুছ মিয়া প্রতিবন্ধী মানুষ তবে বাকি প্রার্থীদের চাইতে সে অনেক ভালো। তাই এবারের নির্বাচনে তাকে আমরা মেম্বার বানাতে চাই।
ইউনুছ মিয়ার নির্বাচনী দলের সবচেয়ে বয়স্ক কর্মী হানিফ মিয়া বলেন, ইউনুছ মিয়া প্রতিবন্ধী হওয়াতে তাকে অন্য প্রার্থী ছোট করে দেখছে। কিন্তু আমরা তার পক্ষে আছি। সকলের দোয়ায় আমরা ইউনুছকে বিজয়ী করবো।
মেম্বার প্রার্থী ইউনুছ মিয়া একসময় কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। প্রায় ১৩ বছর আগে নিজের জমিতে চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের সাথে দুর্ঘটনায় পা হারান তিনি। এরপর নিজে আর কৃষি কাজ করতে পারেন না ইউনুছ মিয়া। চাষের জমিগুলো বর্গা দিয়ে যা ফসল পান তা দিয়ে কোনোমতে সংসারের খরচ চলে যায়। পরিবারের স্ত্রী ও চার ছেলে-মেয়ে আছে তার। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন সম্প্রতি। বাকি তিনজন স্থানীয় স্কুলে লেখাপড়া করে।
প্রতিবন্ধকতাকে জয় করে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ইউনুছ মিয়া বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ। এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। তাদের জন্য কাজ করতে চাই, তাদের সুখে-দুঃখে পাশে থাতে চাই। এলাকার মানুষের অনুরোধেই আমি প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়ী হতে পারলে আমার শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হবে না। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তাদের কল্যাণেই কাজ করে যাবো।
