নিজস্ব প্রতিবেদক ॥
লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২তম তিরোধান উপলক্ষে আজ রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রমে দিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞসহ নানান মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্ঝর সংঘের আয়োজনে এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে।
নির্ঝর সংঘের সভাপতি জনি দাশ বলেন, দীর্ঘ ২২ ধরে আমরা সংগঠনের উদ্যোগে ভক্তবৃন্দদের সহযোগিতায় অনুষ্ঠান করে আসছি। অনুষ্ঠানের মধ্যে সকাল আটটায় রাঙামাটির গীতা স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে শ্রীগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেবে। এরপর সকাল দশটায় শুরু হবে মানব কল্যাণার্থে বিশ্বশান্তি গীতাযজ্ঞ। দুপুরে ভক্তদের উদ্দেশে প্রসাদ বিতরণ করা হবে। বিকেলে গীতাযজ্ঞ শেষে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। রাতে সমবেত উপাসনা ও বাবার জীবনী আলোচনার মাধ্যমে শেষ হবে দিনব্যাপী আয়োজন।
নির্ঝর সংঘের সাধারণ সম্পাদক রাজু শীল মাঙ্গলিক এই অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
