আগামী ১৮ মে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি পুলিশের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ছুফিউল্লাহ, সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, জেলার ১২ থানার ওসিসহ বিভিন্ন বিহারের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সুপার বলেন, আসন্ন বৈশাখী পূর্ণিমাকে নিয়ে আমরা কোনও বিষয়কে হালকাভাবে নিচ্ছি না। পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। কোনও অবস্থায় নিরাপত্তা বিষয়ে ছাড়া দেয়া হবে না। এসময় পুলিশের পক্ষ থেকে বিহারগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমেও নিজেদের নিরাপত্তার বিষয়টি দেখভালের অনুরোধ জানানো হয়। একই সাথে প্রত্যেক বিহারে আনসার সদস্যরা নিয়োজিত থাকবে বলেও জানানো হয়। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিধানে কাজ করবে বলে সভায় জানানো হয়।
পুলিশ সুপার আরো বলেন, নিরাপত্তার স্বার্থে বৌদ্ধ পূর্ণিমায় ব্যাগ, পার্স ও ভ্যানিটি ব্যাগ ইত্যাদি সাথে না আনার জন্য পূণ্যার্থীদের আহ্বান করছি। আশাকরি প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন হবে।
উল্লেখ্য, রাঙামাটি জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ বৌদ্ধ বিহার রয়েছে।
