ডেস্ক রিপোর্ট ॥
বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে (৫২) পটুয়াখালীর নিজ বাড়ি সেনা নিকেতনের উঠানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের যুবক হাউসিং বালুর মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজ বাড়ির উঠানে দাফন করা হয়।
এর আগে দুপুরে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে হাবিবুর রহমানের মরদেহ বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে আনা হয়। পরে সড়ক পথে মরদেহটি নিজ বাড়ি সেনা নিকেতনে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
মৃত্যুকালে সেনা কর্মকর্তা হাবিবুর রহমান বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলেও সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত আছেন। নিহত সেনা কর্মকর্তা হাবিবুর দীর্ঘ ২৮ বছর ৬ মাস সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার মরদেহ পটুয়াখালী পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রসঙ্গত, বুধবার রাতে বান্দরবানের রুমা জোনের একটি টহল দলের সঙ্গে সন্তু লারমাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান নিহত হন। এছাড়া আরও একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হন।
