নানিয়ারচর প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দেয়ালচিত্র প্রদর্শনী করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা ‘মুক্তির সোপান’ নামক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি রহমান তিন্নী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্তসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ ভবনের পার্শ্বস্থ প্রধান সড়ক লাগোয়া দেয়ালে আঁকা এই দেয়ালচিত্রে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ধরণের ১৭টি চিত্র স্থান পেয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে করা এই কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলো উপজেলা প্রশাসন।
এদিকে দেয়ালচিত্র প্রদশর্নী উদ্বোধনের পর থেকেই উপজেলা সদরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী দেখতে আসেন। এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কনক দেবনাথ জানান, আমরা আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আজকের এই দিনে যে আয়োজনের উদ্বোধন করা হয়েছে; যা অত্যন্ত অনুকরণীয় উদ্যোগ। এই দেয়ালচিত্র প্রদর্শনীতে মহান স্বাধীনতা সংগ্রামের সেই গৌরবময় দিনগুলি ফুটিয়ে তোলা হয়েছে রঙ-তুলির আঁচড়ে। এই প্রদর্শনী দেখে আমাদের তরুণ প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম নিয়ে আরও জানবে ও দেশপ্রেমকে শাণিত করবে।
