মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের ভাড়া বৈষম্যের অভিযোগ উঠেছে। জ¦ালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে দ্রুতই ভাড়া নির্ধারণ করা হবে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা সদর হতে অটোরিকশায় রাঙামাটি মানিকছড়ি যাতায়াত খরচ নেয়া হচ্ছে জন প্রতি ২০০ টাকা। অথচ জ্বালানি তেলের দাম বাড়ার পূর্বে যার ভাড়া ছিল ১২০ টাকা। উপজেলা সদর হতে বগাছড়ি এলাকা অব্দি সড়কের ভাড়া রাখা হচ্ছে অটোরিকশা ও মোটর সাইকেলে ৮০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার পূর্বে যার ভাড়া ছিল ৫০ টাকা।
উপজেলা সদর হতে ইসলামপুর এলাকায় মাত্র ৩ কিলো সড়কে অটোরিকশা ও মোটর সাইকেল ভাড়া রাখা হচ্ছে জন প্রতি (৪০/৫০) টাকা জ্বালানি তেলের দাম বাড়ার পূর্বে যার ভাড়া ছিল অটোরিকশায় ২০ টাকা ও মোটর সাইকেলে ৩০ টাকা বলে অস্বাভাবিক দাম বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
বুড়িঘাট এলাকার বাসিন্দা মো. নাজমুল হোসেন রনি বলেন, আমার এলাকা নানিয়ারচর সদর বুড়িঘাট হতে নানিয়ারচর সদরে আসতে মোটার সাইকেলে আগে জনপ্রতি রাখা হতো ৩৫০ টাকা করে এখন রাখা হচ্ছে ৮০০ টাকা করে, এবং অটোরিকশায় জনপ্রতি ২০০ টাকা করে মোট ১০০০ টাকা হলে যাতায়াত করা যাচ্ছে। তিনি এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গাড়ি ভাড়া নিয়মতান্ত্রিক না হওয়ায় লোকজন নানিয়ারচর সদর বাজারে খুব কম আসতে শুরু করেছে। এতে প্রভাব পড়েছে ব্যবসায়ীদের। নানিয়ারচর সদর বাজার ব্যবসায়ীরা বলছেন, এলাকার আশ পাশের লোকজন আগের তুলনায় বাজারে আসা বন্ধ করে দিয়েছে এবং গাড়ি ভাড়া বেশি দিয়ে বাজারে আসতে চাইছেন না অনেকেই।
এ বিষয়ে অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. ইউনুস বলেন, জ্বানালি তেলের দাম বাড়ার পর পরই অটোরিকশা চালক সমিতি অটোরিকশা যাতায়াতের ভাড়া কিছুটা বাড়িয়ে নির্ধারণ করে তালিকা করা হয়েছে এতে নানিয়ারচর সদর হতে ইসলামপুর বৌ বাজার অব্দি জন প্রতি ৪০ টাকা নানিয়ারচর সদর হতে বগাছড়ি এলাকা অব্দি জন প্রতি ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। নানিয়ারচর সদর হতে মানিকছড়ি এলাকায় জন প্রতি ১৭০ টাকা ও নানিয়ারচর সদর হতে রাঙামাটি অব্দি ২০০ টাকা করে এবং বুড়িঘাট থেকে নানিয়ারচর সদর অব্দি জন প্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়ছে। এবং এই ভাড়া নির্ধারণ ও সংযোজন বিয়োজনকরণ এবং অনুমোদনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে সমিতির করা নির্ধারিত ভাড়ার চেয়ে আরো ভাড়া বেশি নেয়া হচ্ছে বলে জানান অনেক যাত্রী।
এই বিষয়ে যোগাযোগ করা হলে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, উপজেলার অটোরিকশা ও মোটর সাইকেল ভাড়া শীঘ্রই নির্ধারণ করা হবে, রাঙামাটি জেলার ভাড়ার সাথে সমন্বয় রেখে আনুপাতিক পদ্ধতিতে ভাড়া নির্ধারণ করা হবে, এবং এর পরেও কেউ ভাড়া নৈরাজ্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে।
