নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে বিজিবি। আটকরা হলো ক্যাসিংনু মারমা (২৬) ও উত্তয়াইং মারমা (৪০)। তারা দুজন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার পুনর্বাসন পাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকা থেকে এসব ঔষধ সামগ্রী উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশীয় তৈরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাঙামাটি হতে জিপ গাড়িযোগে বৈদ্যছড়া হয়ে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই অপরাধীকে আটক ও তাদের ব্যবহৃত টয়োটা জিপ গাড়ি থেকে ১৫ প্রকার দেশীয় তৈরি বিভিন্ন প্রকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ওষুধের মূল্য ১লক্ষ ৮০হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, বিজিবি অভিযানে আটক দুই আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করছে বিজিবি।
এদিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
