বান্দরবানে শিক্ষার্থীদের সুবিধার্থে সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজে দুইটি নতুন বিআরটিসি বাস সার্ভিস দেয়া হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে বাস দু’টি হস্তান্তর করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসাইন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ বড়ুয়া, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী এবিএম ইয়াছির আরাফাতসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের বাসটি নষ্ট হয়ে পড়েছে। মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য কোনো বাস ছিলো না। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বাস দেয়ায় কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।
