নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রæত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস ট্রমিনাল সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা,ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ জোহরা,হাবিবুর রহমান,আনোয়ার হোসেন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা, সদর ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমরা জানি, ধর্ষণের বিচারের ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতা আছে, আইনি দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধী পার পেয়ে যায়। ছাত্রলীগ বার বারই দাবি জানিয়েছি, যারা ধর্ষক বা ধর্ষণের সাথে সংশ্লিষ্ট তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হয়।
ছাত্রলীগ নেতারা আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার কোন অপরাধীদের ক্ষমা করে নাই। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ও বিবেচনায় নেয়নি। ধর্ষক যেই হোক বাংলা মাটিতে তার বিচার হবেই।’
