কাপ্তাই প্রতিনিধি ॥
পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দেশের এক কোটি মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলায় দ্বিতীয় দফায় বৃহস্পতিবার হতে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান সিবিএ অফিস চত্বর এবং রাইখালী ইউনিয়নের নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল ৯টা হতে সরকার মনোনিত নির্ধারিত কার্ডধারী পরিবারকে ৫ শত ৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল টিসিবির পণ্য দেওয়া হচ্ছে বলে জানালেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন। তিনি জানান, প্রথমদিন(বৃহস্পতিবার) চন্দ্রঘোনা ইউনিয়নে ৮ শত ২২ জন এবং রাইখালী ইউনিয়নে ১ হাজার জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি তিনটি ইউনিয়নে সর্বমোট ৭ হাজার ৬ শত ৫১ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান সিবিএ অফিস চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এইসময় ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, পিআইও রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
