খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা এবং ৫নং বাবুছড়া দুই ইউনিয়ন পরিষদে ২৯ মার্চ নির্বাচন হতে যাচ্ছে। বৃহষ্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পমে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১জন। এর মধ্যে দীঘিনালা ইউনিয়নে ৪জন এবং বাবুছড়া ইউনিয়নে ৭জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেও আর কোন জাতীয় প্রতীকে কেউ মনোনয়ন দেয়নি। এর মধ্যে বাবুছড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে প্রতিভা চাকমা নামে শুধুমাত্র একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্যপদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও দীঘিনালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুগত চাকমা এবং বাবুছড়া ইউনিয়নের ১নং ওয়র্ডের মো. ইসমাইল তাদের মনোনয়ন জমা দেননি।
এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৫মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ।
দীঘিনালা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, নৌকা প্রতীকে ইউনিয়ন মহিলা আওয়ামীগের সভাপতি ধনিতা চাকমা, বর্তমান চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্বতন্ত্র জীবকান্তি চাকমা এবং প্রজ্ঞানজ্যোতি চাকমা। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন এবং সাধারণ সদস্য পদে ২৫জন।
বাবুছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর রহমান, বর্তমান চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা, স্বতন্ত্র অনুপম চাকমা, উম্মেষ কান্তি চাকমা, সন্তোষ জীবন চাকমা, পরিতোষ চাকমা এবং নিউটন চাকমা। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারণ সদস্য পদে ২৮জন।
দীঘিনালা ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫হাজার ৫৫৯জন এবং নারী ভোটার ৫হাজার ৪৬৮জন।
বাবুছড়া ইউনিয়নেও ৯টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪৬১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫হাজার ৪৮০ এবং নারী ভোটার ৪হাজার ৯৮১জন।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানান, সুষ্ঠুভাবেই সকলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করা যায় শান্তিপূর্নভাবেই নির্বাচন সম্পন্ন হবে; আর সে জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।
