থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলায় ইঞ্জিনচালিত দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা চালক নিহত হয়েছে। রোববার দুপুরে সাঙ্গু নদীর উজানে পদ্মামুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত সামংগ্য ত্রিপুরা (৫০) রেমাক্রি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেসাপুর পাড়ার বাসিন্দা মৃত বাসামনি ত্রিপুরার ছেলে।
থানচি থানা সূত্রে জানা যায়, রোববার সকালে সাতজন পর্যটক ও একজন গাইড নিয়ে সাঙ্গু নদীর উজানে রেমাক্রির দিকে যাচ্ছিল সামংগ্য ত্রিপুরা। এসময় পদ্মামুখঝিরি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সাথে মৌখামৌখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে নৌকার চালক সামংগ্য ত্রিপুরা মারাত্মক আঘাত পান। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীরা সুস্থ আছেন।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক মো: আব্দুল্লাহ আল নোমান জানান, সামংগ্য ত্রিপুরা ইঞ্জিন নৌকার পিছনে থাকা পাখা গলায় লেগে মারাত্মক আঘাত পান। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক জানিয়েছেন, দুই নৌকার সংঘর্ষে মারা যাওয়া নৌকা চালক সামংগ্য ত্রিপরা মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
