কোথাও পায়ে হেঁটে, আবার কখনও গাড়িতে করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে ছুটে যাচ্ছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ ছুটির ৫ম দিনে বিপাকে পড়ে দরিদ্ররা। তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। দিচ্ছে ত্রাণ সামগ্রী। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিজ উদ্যোগে দাঁড়িয়েছেন মেয়র রফিকুল আলম।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদে নিয়ম মেনে অসহায়দের ঘরে ঘরে গিয়ে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য পৌঁছে দিয়েছেন মেয়র। প্রতি ঘরের জন্য ১০ কেজি চাল, ২কেজি আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ২ টি মাস্ক দেয়া হচ্ছে প্যাকেটে। দিনভর দ্বারে দ্বারে গিয়ে ৮শ ১৫ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররাও তার সাথে ছিলেন।
পৌর মেয়র রফিকুল আলম বলেন, সরকার যে বরাদ্দ দিয়েছে তা এখনও পাইনি। কিন্তু অসহায় মানুষরা বিপাকে পড়ে গেছেন। তাই সরকারি অনুদান পাওয়ার আগেই নিজ উদ্যোগে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। দূর্যোগের এ সময়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তাতে সকলের সহযোগিতা করা প্রয়োজন। এছাড়াও সরকারের নির্দেশনা মানতে এলাকায় সচেতনতামূলক প্রচারণাসহ লিফলেট, মাস্ক বিতরণ করেছি। পৌর এলাকার সকলকে স্বাস্থ্য সচেতনতায় সরকারের নির্দেশনা অনুযায়ী চলার আহ্বান জানান মেয়র।
