নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে অভিনব পদ্ধতিতে তেলের লরিতে করে কাঠ পাচারের সময় কাঠসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর বেলায় পাচারকালে এসব কাঠ আটক করা হয়। এসময় গাড়ির চালক আব্দুর শুক্কুরকে আটক করা হয়। পরে বনবিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।
বন বিভাগ জানায়, বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারকালে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ৩০০ঘনফুট কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য চার লক্ষ টাকা। আটক চালকের সাথে কথা বলে কারা এসব কাঠ পাচার করছে, তাদের নাম জানা গেছে। শীঘ্রই তাদের বিরুদ্ধেও মামলা দেয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
