পাহাড়ে পূর্ণস্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলনরত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এই তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে দয়াসোনা চাকমার পিতা বৃষধন চাকমা বাদি হয়ে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা (৫০) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহবায়ক তপন জ্যোতি চাকমা (৪৫) ওরফে বর্মাসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটির মামলা দায়ের করেছেন। দুই নেত্রী অপহরণের ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে অপারেশন চালাচ্ছে বলে জানান তিনি।
দয়াসোনা চাকমার পিতা ও মামলার বাদী বৃষধন চাকমা বলেন, ‘আমি মঙ্গলবার রাত এগোরোটার কোতয়ালী থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছি। আমার মেয়ে অপহরণের তিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন খোঁজ পাইনি।’
প্রসঙ্গত, গত রোববার সকাল নয়টার দিকে রাঙামাটির কুতুকছড়ি আবাসিক এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এ সময় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার পায়ে গুলি লাগে। পরে আত্মরক্ষার্থে ধর্ম সিং ও পিসিপির রাঙামাটি জেলার সভাপতি কুনেন্টু চাকমা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ নিয়ে যায়।
