জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটিতে তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের তবলছড়ি বাজারে তদারকিমূলক এই অভিযান পরিচালনা করে সংস্থাটি।
এই অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের জন্য “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর আওতায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানে বিএসটিআই এর মান পরীক্ষায় অনুত্তীর্ণ রাঁধুনী ধনিয়া ও জিরা গুড়া, সানচিপস (টমেটো ট্যাংগো) ধ্বংসসহ একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
তবলছড়ি বাজারে অভিযান পরিচালনা কালে একটি প্রতিষ্ঠান থেকে বিএসটিআই এর মান পরীক্ষায় অনুত্তীর্ণ রাঁধুনী ব্যান্ডের গুড়া জিরা ও ধনিয়া বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় দুই হাজার টাকা জরিমানা করে ৩২ প্যাকেট পণ্য জব্দ করা হয়।
আর একটি প্রতিষ্ঠানকে সান চিপস (টমেটো ট্যাংগো) বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় তিন হাজার টাকা জরিমানা করে ১৬ প্যাকেট চিপস ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা আক্তার খানম।
