ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের নিচ থেকে তাকে আটক করা হয়।
আটকের পর পুলিশ বিকেলে তাকে আদালতে হাজির করে। এ সময় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাত পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হবে মর্মে সাংবাদিক নুরুল আজমকে হাজতে প্রেরণ করার আদেশ দেন।
খাগড়াছড়ির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে একইদিন দুপুরে ওই শিক্ষিকা নিজেই বাদী হয়ে সাংবাদিক নুরুল আজমের নামে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেফতার করা হয়।’
প্রসঙ্গত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও এসএটিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।