মরণঘাতী নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ থেকে বাঁচতে বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়ার মরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তবে দেশে কার্যত লকডাউন পরিস্থিতির কারণে নিজেদের করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে সাবানসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী হাতে সমানভাবে পাচ্ছেন না ঘরবন্দি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা।
এমতাবস্থায় ঘরবন্দি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনকে সাবান সহায়তা দিয়েছে রাঙামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রোববার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের হাতে নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১ হাজার পিস সাবান তুলে দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে।
এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ করোনার এই উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের পাশে দাঁড়ানোয় জনস্বাস্থ্য প্রকৌশলকে ধন্যবাদ জানিয়েছেন।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানিয়েছেন, করোনার প্রভাবে ঘরবন্দি মানুষেরা বিপাকে পড়েছেন। বিশেষত নিম্নবিত্ত মানুষ। এছাড়া দোকানপাট বন্ধ হয়ে যাওয়া ও সাধারণ ছুটির কারণে মানুষ জন ঘর থেকে বের হতে পারছেন না। তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে বিতরণের জেলা প্রশাসনকে ১ হাজার পিস সাবান দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্যের এই প্রকৌশলী বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা রাঙামাটি জেলা শহরে ৫টি স্থায়ী বেসিন ও বরকল উপজেলা ছাড়া বাকী নয় উপজেলায় নয়টিসহ মোট ১৪টি স্থায়ী বেসিন করে দিয়েছি। আমাদের পরিকল্পনা রয়েছে, কিছুদিনের মধ্যে জেলা শহরে আরও ৪টি স্থায়ী বেসিন করবো। এই বেসিনগুলো করোনা পরিস্থিতি কেটে গেলেও থাকবে।’
