নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পুনঃনির্ধাণের দাবি জানিয়েছেন এই দুই ইউনিয়নের এলাকাবাসী। সোমবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩১ মার্চ, ২৯ ডিসেম্বর সব শেষ ১১ ডিসেম্বর তৃতীয় বার এক আদেশের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। উল্লেখিত কোন কারণ ছাড়া বার বার নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ স্থানীয় জনগণ ও প্রার্থীরা।
পর পর তিনবার এ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করায় প্রার্থীরা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দাবি করে এ ইউনিয়নগুলোতে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৈদং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গ লালা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী জুলি চাকমা, কাজলা চাকমা, উষা রাণী চাকমা, উজ্জ্বল চাকমা, সাধন চাকমা, অমর ধন চাকমা, লক্ষী চন্দ্র চাকমা, অমরসিন্দু চাকমা, শান্তি প্রভা চাকমা, বিকাশ চাকমা।
