শান্তিনগর এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জামাল হোসেনের ভাই মো. কামাল হোসেন, তার বোন পারভিন আক্তার, এলাকাবাসীর পক্ষে শামসুর নাহার, মো. দেলোয়ার হোসেন, রফিক সওদাগর, শাহ জাহান প্রমুখ।
এসময় মো. জামাল হোসেনের ভাই মো. কামাল হোসেন জানান, ৯ জুলাই রাতে শহরের ফিসারি ঘাট জামে মসজিদ থেকে এশারের নামাজ পড়ে বের হলে স্থানীয় যুবক মো. সাদ্দাম’র নেতৃত্বে নুরুল ইসলাম সেকসেন, সাগরসহ আরো অজ্ঞাত ৭-৮জন তার ভাই ও তার উপরে হামলা করেন। হামলার সময় মসজিদের মুসল্লি¬রা এসে তাদের উদ্ধার করেন। পরে জামালকে আহত অবস্থায় রাঙামাটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রামে পাঠিয়ে দেন। বর্তমানে জামাল চট্টগ্রাম থেকে ফিরে বাসায় চিকিৎসাধীন আছেন।
হামলার কারণ সম্পর্কে তিনি আরো বলেন, আমার এক বোনকে তারা বিরক্ত করতো, তাই আমরা তাদেরকে বারণ করেছি এলাকার ছেলে হয়ে এমন কাজ না করতে, স্কুল পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত না করতে। তাই তারা দলবল মিলে এ হামলা ঘটিয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী জানান, এ ছেলে গুলোর বিরুদ্ধে আগের থেকে অনেক ধরণের অভিযোগ রয়েছে। তারা মাদক ও সন্ত্রাসী কাজে দীর্ঘদিন ধরে জড়িত বলেও তারা অভিযোগ করেন।
