প্রান্ত রনি
রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে তিন প্রার্থী জামানাত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ৬ হাজার ৯৩৫ ভোট পেয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মামুনুর রশিদ ভোটযুদ্ধে দ্বিতীয় হয়েছেন।
জামানাত হারানো তিন মেয়র প্রার্থী হলেন- আওয়ামীলীগের ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রজেশ চাকমা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান রানা। এদের মধ্যে মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ১ হাজার ৯৪৩ ভোট, লাঙ্গল প্রতীকে প্রজেশ চাকমা পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট ও কোদাল প্রতীকে আব্দুল মান্নান রানা পেয়েছেন ২৬০ ভোট।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী দ্বিতীয় হয়েছেন। কোন কোন প্রার্থী জামানত হারিয়েছেন সেই হিসেব আমরা এখনো সম্পন্ন করিনি। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত করা হয়ে থাকে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৯১৩। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৪২ ও নারী ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৭১। নির্বাচনে প্রদত্ত ভোট পড়েছে ৩৩ হাজার ৭২৯টি, যা ৫৩ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৩ হাজার ৭২৯, অবৈধ ভোটের সংখ্যা ৯৮।
মেয়র পদে সর্বোচ্চ ২২ হাজার ৮০১ ভোট পেয়েছেন নৌকা প্রতীকের আকবর হোসেন চৌধুরী। সর্বনিম্ন ২৬০ ভোট পেয়েছেন কোদাল প্রতীকের আব্দুল মান্নান রানা। তাই প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়াতে জানানাত হারাচ্ছেন তিন মেয়র প্রার্থী।
