নিজস্ব প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, নিখিল কুমার চাকমা, সাবেক যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। শোক সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভাপতির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ১৫ আগস্ট বাঙ্গালী জাতির শোকের দিন। ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিলো এই কলঙ্কিত অধ্যায়। এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরসহ সপরিবারে হত্যা করেছিলো ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। আর প্রতি বছর এই দিনটি আসে বাঙালীর হৃদয়ে কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে।
আলোচনা সভায় বক্তারা, বঙ্গবন্ধুসহ তার পরিবারের খুনীদের আইনের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি শহরের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও রাঙামাটির ১০ উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের কর্মসূচি পালিত হয়।
