রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন-জরুরী সেবাখাত ছাড়া কোন ধরনের যানবাহন এবং বহিরাগত লোক যেনো কাপ্তাইয়ে প্রবেশ করতে না পারে।
তিনি বৃহস্পতিবার কাপ্তাইয়ে পুলিশ বাহিনীর করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
জেলা পুলিশের দ্বিতীয় শীর্ষ এই কর্মকর্তা, এদিন কাপ্তাই থানা পুলিশ কর্তৃক করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা, জনসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে গৃহীত ব্যবস্থাসমূহ এবং থানা এলাকায় বহিরাগত জনগন ও জরুরী সেবার আওয়াতাভুক্ত যানবাহন ব্যতীত অন্য যানবাহনের অনুপ্রবেশ রোধে স্থাপিত পুলিশ চেকপোস্ট সমূহ পরির্দশন করেন।
এসময় তিনি পুলিশকে আরোও সজাগ হবার জন্য পরামর্শ দেন। 
পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল জুনায়েদ কাউসার, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সহ পুলিশবাহিনীর কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
