খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে দিন ব্যাপী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সোমবার সকালে লক্ষী নারায়ণ মন্দিরের সামনে থেকে বিশ্বশান্তির কামনায় আয়েজিত শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মেদ খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এডঃ বিধান কানুনগো, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসাথে শান্তিতে বসবাস। করুক একটি কুচক্র মহল তা চাই না। তাই তিনি সবাইকে ঐ মহল সম্পর্কে সজাগ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। সোমবার সকাল থেকে চন্ডী পাঠ, গীতা পাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।
