গত ৮ জুন রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। উপজেলার মাইনীমূখ ফরেস্ট অফিস সংলগ্ন মাইনী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য লাশটি রাঙামাটি পৌরসভাকে হস্তান্তর করে পুলিশ। বেওয়ারিশ লাশ হিসেবে দাফনও করে পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু গত জুন থেকে ডিসেম্বর এ ৬ মাসেও লাশের পরিচয় মেলেনি।
ইতোমধ্যে লংগদু থানা পুলিশ দেশের সকল থানায় বেতারবার্তা প্রেরণ করেছে। এছাড়াও লংগদু থানার প্রতিবেশি থানা সমূহে ভিকটিমের ছবিসহ অনুসন্ধান ক্লিপ প্রেরণ করা হয়। এবং ক্রিমিনাল ইন্টিলিজেন্স গেজেট (সিআইজি)প্রকাশের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনও করা হয়েছে বলে লংগদু থানা সূত্রে জানা যায় ।
থানা সূত্র আরো জানায়, ৮ জুন বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় লাশের পড়নে জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। অর্ধগলিত লাশ দেখে ধারণা করা হচ্ছে ৩৮/৪০ বছর বয়সের যুবক । গায়ের রং কালো মুখে অল্প দাঁড়ি ছিল। তবে লাশের পরিচয় বহন করে এমন কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, পুলিশের পক্ষ থেকে লাশের পরিচয় পেতে সাধ্যমত চেষ্টা করা হয়েছে এবং এখনো চেষ্টা অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত লাশের স্বজন দাবি করে কেউ যোগাযোগ করেনি। এ বিষয়ে জানতে লংগদু থানায় (০১৫৫০০১৭৭১৬) যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।