খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শাখা ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। সর্বশেষ বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর চালায়। তখন বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। ভোগান্তিতে পরেন সাজেকগামি পর্যটকরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা দলীয় কার্যালয়ে জরুরি সভায় বসে উপজেলা ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা শাখা ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এরপর থেকেই উভয় সংগঠনের পদ বঞ্চিত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। রাতেই বিক্ষোভ মিছিল করে রবিবার সড়ক অবরোধের ডাক দেয়।
রবিবার সকালে দীঘিনালা বাসটার্মিনাল এবং কলেজমোড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করে। সাজেকগামি পর্যটকবাহি গাড়িসহ ভাংচুর করা হয় যাত্রীবাহি গাড়ি। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় অবরোধকারীদের। এর পুলিশি পাহাড়ায় গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।
জীপ মালিক সমিতির লাইনম্যান মোজাফ্ফর হোসেন জানান, সড়ক অবরোধকারীদের ইট পাটকেলের আঘাতে ২টি জীপ, ২পি পিকআপ এবং ১টি মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গেছে।
জেলা ছাত্রলীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের দীঘিনালা উপজেলা শাখার সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার দে জানান, হঠাৎ করে জেলা কমিটি উপজেলা শাখার কাউকে না জানিয়ে অছাত্র এবং বিবাহিতদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করায় ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অপরদিকে ছাত্রলীগের উত্তেজনকর পরিস্থিতিতে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জরুরি সভা করেন। সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম এবং সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হইয়াছে। তাই দীঘিনালা উপজেলা ছাত্রলীগ ও দীঘিনালা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
