নিজস্ব প্রতিবেদক ।।
রাঙামাটিতে জনসংহতি সমিতি সমর্থিত দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনার সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা। সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক শিশির চাকমা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ান, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সদস্য নুকু তালুকদার, যুব সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু. পিসিপির সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী সমাজ জুম্ম জনগণের ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন করার জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় জুম্ম নারীরা নানা ধরনের যৌন নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছে। চুক্তি বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে ইউপিডিএফ, জেএসএস(সংস্কার), ইউপিডিএফ(গণতান্ত্রিক), মগপার্টি, কেএনএফসহ পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন সমষ্টির মাধ্যমে মৌলবাদী গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় ও জুম্ম বিরোধী কার্যকলাপের মাধ্যমে চুক্তি বিরোধী কর্মকান্ড পরিচালনা করছে। বক্তারা সমাজে নারীর সমাধিকার প্রতিষ্ঠাকল্পে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান।
