সন্ত্রাসীদের চাঁদার দাবির অভিযোগে জেলার কাপ্তাই উপজেলায় মাছ শিকার বন্ধ রেখেছে জেলেরা। বুধবার বিকেল থেকেই মৎস্য ব্যবসায়ীরা জেলেদের মাছ শিকার বন্ধ রাখার নির্দেশ দিলে বৃহস্পতিবারও মাছ ধরতে হ্রদে যায়নি জেলেরা। এতে কাপ্তাই মৎস্য অবতরণ ঘাটে বৃহস্পতিবার কোনও মাছের বোট আসেনি।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন মুঠোফোনে জানান, আঞ্চলিক একটি সংগঠন অতিরিক্ত চাঁদা দাবি করায় ব্যবসায়ীরা মাছ শিকার বন্ধ রেখেছে। বিষয়টি আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত প্রায় পাঁচশ জেলে হ্রদে মাছ ধরতে যাচ্ছে না।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙামাটি জেলার ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের সাথে চাঁদার বিষয় নিয়ে ঝামেলা হওয়ায় জেলেরা মাছ শিকার বন্ধ রেখেছে। আশা করছি সহসাই সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, মাছ শিকার বন্ধে জেলে, শ্রমিক, ব্যবসায়ীসহ সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে ২৬ হাজার জেলে মৎস্য শিকারের ওপর নির্ভরশীল।
