রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জানে আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না……….ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৭.২০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে।
জোহর নামাজ শেষে লংগদু উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাইনীমুখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মোঃ জানে আলম চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
এই নেতার অকাল মৃত্যুতে লংগদু উপজেলা আওয়ামীলীগ/সহযোগি সংগঠনসহ বিএনপি ও বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা প্রশাসন, বিভিন্ন, জনপ্রতিনিধি, শুভাকাক্সক্ষীরা শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেলা পরিষদের শোক:
এদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম এর মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্যগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু খবর শোনার পর জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমাসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন ও এক নজর দেখতে ছুটে যান।
মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর। তিনি ১ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ পরিবার পরিজন রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য, পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
