বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য শহর রাঙামাটিতেও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির রাঙামাটি জেলার নেতাকর্মীরা।
সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সভাপতি হাজী মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সহসভাপতি সুশোভন দেওয়ান আগা, যুগ্ম সম্পাদক আলী বাবর,বাবুল আলী,শফিকুল ইসলাম,নিজামউদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, উষাহ্লা রোয়াজা,জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: ইলিয়াছ,জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন সহ বিএনপি ও সহযোগি সংগঠনসমূহের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘ একটি পাতানো-সাজানো নির্বাচনের মাধ্যমে দৃশ্যত বিজয়ী হলেও নৈতিকভাবে পরাজিত এই সরকার বেগম জিয়ার জনপ্রিয়তাকেই ভয় পায়। এবং তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে মিথ্যা মামলার মাধ্যমে কারারুদ্ধ করে রেখেছে।’
বিএনপি নেতারা, বেগম জিয়াসহ বিএনপির সারাদেশের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে অভিযোগ করে,তাদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
