বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে উঠতে চাইলে দলীয় কার্যালয়ের প্রধান ফটকে আটকে দেয় পুলিশ।
পরে পুলিশি ব্যারিকেডে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে আটকে রেখে সরকার গণতন্ত্রকে কারাবন্দি করে রেখেছে। বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রকে কারান্তরীণ রেখে সরকার ভোটার বিহীন আরও একটি পাতানো নির্বাচন করতে চায়। নীল নকশার এ নির্বাচন জনগণ মেনে নেবেনা বলেও বক্তারা দাবি করেন। এসময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তারা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ’র সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী।
