জিয়াউল জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী গণঅনশন পালন করেছে দলের রাঙামাটির নেতাকর্মীরা।
শনিবার সকালে শহরের দলীয় কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু), সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো)সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাঙামাটি জেলা সভাপতি মো. শাহ আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না তারা। এমনকি জামিন দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতেও তাকে অনুমতি দিচ্ছে না ক্ষমতাসীন সরকার। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে মৃত্যু পথে ঠেলে দিচ্ছে। তাই এ কর্মসূচির একমাত্র উদ্দেশ্য খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা।
এসময় তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী সে ভাষায় কথা বলেছে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারেন না।
